বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মো: শহিদুল ইসলাম সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।

তাদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে হাইওয়ে পথে বগুড়া সদরের তিন মাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছলে একটি কালো মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই ছিটকে পড়েন। তখনই পিছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। পরে তার স্ত্রীকে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।