‘দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে’ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী শাসন কায়েম করতে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে তিনি এ কথা বলেন।

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন ও গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ ফারুক আহমাদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুল, লেখক অধ্যক্ষ নাজমুল হুদা ও ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বায়েজিদ হুসাইন।

জেলা সভাপতি মিয়া আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় আরো বক্তৃতা দেন জেলার সিনিয়র সহসভাপতি মফিজুল আলম খোকা, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহসিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ প্রমুখ।

একইদিন জুম্মার নামাজের পর ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম।