ফ্যাসিবাদের মুখাবয়ব পোড়ানোর দুঃসাহস যারা দেখিয়েছে, তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে মন্তব্য করে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘চারুকলাতে বৈশাখের আনন্দ শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। তারা ফ্যাসিবাদের অনুসারী। জাতি আজ ঐক্যবদ্ধ। ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ ও মুখ্য জবাব দেয়া হবে।’
শনিবার (১২ এপ্রিল) বেলা ২টার দিকে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা ফারুকী বলেন, ‘ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে।’
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এবার সকল ধর্ম-জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন করা হচ্ছে। শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে এমন আয়োজন দেশকে নতুনভাবে উপস্থাপন করবে, নতুনভাবে চিনবে মানুষ।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের অনুসারীরা চায় না, আমরা যে উৎসবমুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি, ঐক্যের ও সম্প্রতির বাংলাদেশ তৈরি করতে চেয়েছি তা যেন না হয়। এজন্য তারা এক ধরনের বাধা দিতে চায়।’
তিনি বলেন, ‘আমি মনে করি, সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি সে শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে না। এটা এই পহেলা বৈশাখেই বুঝা যাবে। আমাদের পার্বত্য জেলাগুলোতে ফ্যাসিস্টদের মুখাবয়ব নিয়ে যে শোভাযাত্রা ও মিছিল হয়েছে তাই প্রমাণ করে হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র করে আমাদের থামিয়ে রাখতে পারবে না। যারা চারুকলায় ফ্যাসিস্টের মুখাবয়ব আগুন দিয়ে জ্বালিয়েছে তাদের সবাইকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।’
চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখের আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘কোনো শঙ্কা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।’