বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘কোনো অপশক্তি যাতে নতুন করে মাথাচাড়া দিতে না পারে সেজন্য দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আজ সোমবার বেলা ১২টায় প্রেস ক্লাব যশোরে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নার্গিস বেগম বলেন, কিছু কিছু সাংবাদিকের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। এখনো পর্যন্ত সাংবাদিকদের মধ্যে ফ্যাসিস্টের দোসররা রয়েছে। যারা সুযোগ পেলে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। এদের চিহ্নিত করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্তের যশোর অফিস ইনচার্জ এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফ। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সাবেক সভাপতি নূর ইসলাম।