ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের রহিছ মিয়ার ছেলে আকাশ ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)। আহত নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিয়াম পরিবহনের একটি বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাকচালক আকাশ গুরুতর আহত হন। আকাশকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমির হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়াও এ ঘটনায় আকাশ নামে এক ট্রাকচালককে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। দুর্ঘটনার শিকার ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।