কলাপাড়ায় আ’লীগের ২ চেয়ারম্যানকে বাদ দিয়ে প্রশাসক নিয়োগ
শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
স্থান
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) পটুয়াখালীর জেলা প্রশসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত এক আদেশে তাদের নিয়োগ দেয়া হয়।
এর ফলে বাদ পড়লেন ওই দুই ইউনিয়নের চেয়ারম্যান। তারা উভয়ে আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।
আদেশে বলা হয়েছে, ‘‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ আগস্ট ২০২৪ এর সরকারি পরিপত্রের আলোকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা (ধানখালীতে) ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নাহিদ হাসানকে (নীলগঞ্জ) ইউনিয়ন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। একইসাথে তাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হলো।’’
এদিকে প্রশাসক নিয়োগের ফলে বাবুল মিয়া ও শাহজাদা পারভেজ টিনু মৃধা নীলগঞ্জ ও ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে থাকছেন না বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ইউনিয়ন প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে দুই চেয়ারম্যানকে বাদ দেয়ার ঘটনায় এলাকায় ইতিবাচক ও নেতিবাচক উভয় আলোচনাই চলছে।’
শাহজাদা পারভেজ টিনু মৃধা ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বাবুল মিয়া নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন।