সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমেদ সাইফ (১৮) মারা গেছেন।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে মারা যান সাইফ।

সাইফ দক্ষিণ সুরমার মোগলাবাজার হাজিগঞ্জ এলাকার ধরমপুর গ্রামের সেলিম আহমেদের একমাত্র ছেলে ও দক্ষিণ সুরমার মনির আহমদ একাডেমির ছাত্র ছিলেন। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ফেঞ্চুগঞ্জস্থ তার নানাবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

মৃত্যুর বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম শাইস্তা।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে সাইফ তার মা ও বোন তাদের ফেঞ্চুগঞ্জস্থ নানা বাড়ি থেকে ফিরছিলেন এবং সাইফ ছিলেন মোটরসাইকেলে আর তার মা ও বোন পেছনে সিএনজি চালিত অটোরিকশা যোগে আসছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের উত্তর কুশিয়ারা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্র সিলেট থেকে যাওয়া একটি প্রাইভেটকারের সাথে সাইফের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে একটি ঝোপের মধ্যে গিয়ে পড়ে যান। এ সময় মোটর সাইকেলের বাম্পার ভেঙে সাইফের হাত ভাঙে, চোখে আঘাত পান ও পেটে ঢুকে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে আইসিইউ-তে থাকা অবস্থায় রাত ১টার দিকে মারা যান সাইফ।