দীর্ঘ প্রতীক্ষার পর নিবন্ধন পেল জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন
ইউনিয়নটির সভাপতি হিসেবে সোহরাব হোসেন লাইজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
স্থান
রাজশাহী
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-২২৩৭) সরকারের শ্রম অধিদফতরের নিবন্ধন পেয়েছে। গত ১৫ এপ্রিল বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৮৯ ও বিধি ১৭২(২) অনুযায়ী ইউনিয়নটি নিবন্ধিত হয়।
ইউনিয়নের নেতারা জানান, বছর তিনেক আগে ২০২২ সালে আবেদন করা হলেও রাজনৈতিক প্রতিবন্ধকতা ও প্রশাসনিক জটিলতায় জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নিবন্ধন পেতে বিলম্ব হয়।
এদিকে ইউনিয়নটির সভাপতি হিসেবে সোহরাব হোসেন লাইজু এবং সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
তাদের নেতৃত্বে সংগঠনটি এখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড ইউনিয়ন হিসেবে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে পারবে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সোহরাব হোসেন লাইজু বলেন, এই স্বীকৃতি শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।
ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এই রেজিস্ট্রেশন শ্রমিক সমাজের মর্যাদা ও শক্তির প্রতীক। আমাদের কাজ হবে শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকা।
তাদের এই অর্জনে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, মহানগর শ্রমিক দল এবং নেসকো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
নতুন নেতৃত্বে নেসকোর শ্রমিক সংগঠন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং কার্যকর প্ল্যাটফর্মে রূপ নেবে বলে প্রত্যাশা সবার।