নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানকে (৫২) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টার দিকে রূপনগর এলাকার একটি বাসা বাড়ি থেকে মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রূপনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোকাম্মেল হক মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রূপনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাসা বাড়ি থেকে লোহাগড়ার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মতিয়ারকে গ্রেফতার করে।

রূপনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোকাম্মেল হক জানান, গ্রেফতার মতিয়ার রহমানের নামে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবংবুধবার তাকে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা ও কাশীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান আত্মগোপন করেন। লোহাগড়া থানায় তার নামে নাশকতার অভিযোগে দু’টি মামলা রয়েছে এবং চলতি বছরের ২২ এপ্রিল লোহাগড়ার কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম (৫১) হত্যাচেষ্টার মামলার আসামি তিনি।

এছাড়া ২০২২ সালে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি মতিয়ার রহমান।