রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।

আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়। বাঙালি নারী-পুরুষসহ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ এ বর্ষবরণ উৎসবে অংশ নেয়।

শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, বৈসাবি উৎসবের তৃতীয় দিনে রাঙামাটির বিভিন্ন বিহারে পাহাড়ি জনগোষ্ঠী নববর্ষের বিশেষ প্রার্থনায় অংশ নেয়।