স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী সাদা পোশাকে কোনো ব্যক্তিকে গ্রেফতার না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। একইসাথে নজর রাখতে হবে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের প্রতিও। পুলিশকে মাঠপর্যায়ে কাজ করতে হবে। তবে, সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে না।’
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে যশোরের সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো তদবির বন্ধ হয়নি। অনেকেই তদবির করছেন। উপদেষ্টা হওয়ার পর আমার স্বজন ও বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে, যাদের অনেককেই আমি চিনি না। ফলে, আমার নামে কেউ তদবির নিয়ে এলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’
তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না। আমরা নিরাময় কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই।’
এ সময় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।