সিলেটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: শহীদ আহমদ চৌধুরী নামে এক উবারচালক (মোটরসাইকেল) নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টার আলপাইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ চৌধুরী নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার অনাবিল ২১ বাসার বাসিন্দা এবং পেশায় উবারচালক ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে নগরীর চৌহাট্টায় বেপরোয়া গতির একটি ট্রাক আহমদ চৌধুরীর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় তার মাথার খুলি ফেটে রাস্তায় মগজ ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করে।

এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।’