‘দেশের প্রতিটি নাগরিক যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে এ দেশ থেকে সকল অপরাধ মুছে যাবে, দেশ আরো এগিয়ে যাবে, আরো সমৃদ্ধ হবে’- এমন মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আজ সোমবার দুপুরে ফেনীতে ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আনসার ভিডিপি একটি বড় বাহিনী। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ বাহিনীর সদস্য রয়েছে এবং রয়েছে তাদের সুনামও। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে দেশের, সমাজের ও পরিবারের কাজে লাগাতে হবে।’
দাগনভূঞা উপজেলা আনসার কর্মকর্তা মো: নাসিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আনসার কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন।
জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীন জানান, ‘ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কারিকুলামের একটি নতুন সংস্করণ। এটি গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২৫ আগস্ট পর্যন্ত ২৮ দিন মেয়াদে সারাদেশে একযোগে সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, ‘মৌলিক শরীরচর্চা, কঠোর ড্রিল অনুশীলন, অস্ত্র চালনা ও ফায়ারিং, আনুষ্ঠানিক ও প্রয়োগিক পাঠদান, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাহিনীর গঠন কাঠামো, প্রচলিত ও অপ্রচলিত যুদ্ধ, সামাজিক অপরাধ ও মানবনিরাপত্তা, প্রচলিত আইন, নেতৃত্ব, নৈতিকতা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, নির্বাচনী মহড়া, জীবনমান উন্নয়ন এবং দেশের স্বাধীনতা ও স্বেচ্ছাসেবা সম্পর্কে বিশদ ধারণা পেয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এই প্রশিক্ষণ একদিকে যেমন প্রশিক্ষণার্থীদের অস্ত্র চালনায় দক্ষ করেছে, তেমনি ব্যক্তিগত জীবনমান উন্নয়নে আত্মবিশ্বাসী করে তুলেছে।’