চলতি বোরো মৌসুমে সিলেট অঞ্চল থেকে ৫২ হাজার ১৫১ টন চাল ও ৩২ হাজার ৪৬৩ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বুধবার (২৩ এপ্রিল) নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।

জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান এবং মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।

এদিকে বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন সরকারের কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জানান, সিলেটে এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরো জানান, চলতি মৌসুমে সিলেট জেলায় বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ৫৫০ টন, সুনামগঞ্জে ১৪ হাজার ৬৪৫ টন, হবিগঞ্জে আট হাজার ২৫২ টন এবং মৌলভীবাজারে চার হাজার ১১ টন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সিদ্ধ চাল কেনার জন্য সুনামগঞ্জে ১২ হাজার ৮১৯ মেট্রিক টন, হবিগঞ্জে ১৯ হাজার ২৯৭ মেট্রিক টন, সিলেটে ১২ হাজার ৫৪২ মেট্রিক টন ও মৌলভীবাজারে ছয় হাজার ৪১৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, গত বছর বোরো মৌসুমে বন্যা ও অতিবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হলেও ধান কেনা হয়েছিল ৬৬ ভাগ। তবে এবার লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে কম। উৎপাদনও ভালো হয়েছে। তাই কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রার শতভাগ ধান কেনা সম্ভব হবে।

চলতি বোরো মৌসুমে সিলেট অঞ্চলের চার জেলায় বোরো আবাদ হয়েছে চার লাখ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে। আশা করা হচ্ছে এবার ৩০ লাখ ৮৪ হাজার ৫৮৭ টন ধান উৎপাদন হবে।