বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দীর্ঘদিন ভোট বঞ্চিত এ দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিএনপি সবসময় নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে।

শুক্রবার বিকালে পৌরসভার ১৩নং ওয়ার্ডে দলের প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর সবকটি আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের জয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ওয়ার্ড বিএনপির সভাপতি নুর নবী ভূঞাঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্ববায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবু তপন কর, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুইঁয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেখ ফরিদ বাহার বলেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সন্ত্রাস-দুর্নীতির সাথে জড়িত ছিল, তারা যেন কোনোভাবেই বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় না পায়, সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।