সুনামগঞ্জের ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আমির উদ্দিন (৩২) এবং শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামের জমশেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের পাশের হাওরে হাঁসকে খাবার খাওয়াতে যান আমির উদ্দিন (৩২)। এ সময় ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে ওই হাঁস খামারির মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুস সালামের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান।
এদিকে বিকেল ৫টার দিকে ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামের দেলোয়ার হোসেন (৩৫)। পরে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের জমশেদ আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী।