বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়াং, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সব গ্রেডের কর্মকর্তাদের উন্নতি হলেও অদ্যাবধি স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছে। কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দফতরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি।’

তারা বলেন, ‘আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। তাই পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা।