মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি রতন শেখ গণমাধ্যমকে জানান।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় এ দু’টি মোটরসাইকেলের সাথেপাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়।
ওসি রতন শেখ বলেন, “নিহত সবার পরিচয় মিলেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”