ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামে এক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বেলা ১২টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। আবুল কাশেম জালসা এলাকার মরহুম রইজ উদ্দিন মাস্টারের ছেলে বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, ‘বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ধারণা করছি, কোনো বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে।
সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ মো: ইউসুফ বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল।
গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ‘ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।