সিলেটের জকিগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর সোহেল আহমদ হত্যা মামলার চার আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও ১৪-এর একটি যৌথবাহিনী।

শনিবার (১২ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন নকলা ও ভারই এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জ থানার সমছখানি গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ (৪২), এহিয়া আহমদ (৩৫), জাবের আহমদ (২৮) ও জাকির আহমদের ছেলে শান্ত আহমদ (১৯)।

র‌্যাব জানায়, জকিগঞ্জের সমছখানি গ্রামের সোহেল আহমদ হত্যার ঘটনায় গত ৯ জুলাই থানায় মামলা হয়। এরপর র‌্যাব আসামিদের ধরতে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়ে শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর থানার নকলায় অভিয়ান চালিয়ে জাকির আহমদ ও এহিয়া আহমদকে গ্রেফতার করা হয়। পরে একই থানার ভারই এলাকা থেকে জাবের আহমদ ও শান্ত আহমদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।