হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে এক জেলের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ী এলাকায় আবুল হোসেন সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল হোসেন সর্দার পেশায় একজন জেলে। ঘটনার সময় তিনি মাছ ধরতে নদীতে ছিলেন। তার স্ত্রী খালেদা আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একটি বসতঘরে এভাবে অস্ত্র মজুত থাকার ঘটনায় তারা উদ্বিগ্ন। অস্ত্রগুলো কারা, কী উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
তবে আবুল হোসেন সর্দার ঘটনাস্থলে না থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আবুল হোসেন সর্দার ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। আবুল হোসেন নদীতে মাছ ধরতে গেলে তার স্ত্রী পুলিশকে ঘরে অস্ত্র থাকার তথ্য দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।