রাজধানীর কদমতলীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কদমতলী থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঢাকা ম্যাচের সামনে মেইন রাস্তায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘাতক যানবাহন শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।