ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত নিয়ে যাত্রীকে বুঝিয়ে দিলো বিআরটিএ। একইসাথে বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা আড়াইটায় নাড়ির টানে বাড়িমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।

বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি-ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম নগরীর সাগরিকা, অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন এবং যাত্রী সাধারণের অতিরিক্ত ভাড়া সংক্রান্ত যেকোনো অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী, জোনাকি পরিবহনসহ আরো বেশ কয়েকটি পরিবহন থেকে অতিরিক্ত আদায় করা ভাড়ার টাকা যাত্রীদের মাঝে ফেরত দেয়ার ব্যবস্থা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রামের আদালত ১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া, সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি (উত্তর) মো: নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো:খোরশেদ আলম।