সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে ফাহিম আহমদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা গেছে, সিলেট নগরীর কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন ফাহিম আহমদ (২৪)। তিনি সিলেট সিটি করপোরেশনে পানি শাখায় কর্মচারী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা ফাহিমের রুমের ভেতর থেকে দরজা বন্ধ দেখেন।
এ সময় তারা ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো জবাব না আসায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফাহিমকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক নয়া দিগন্তকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারী ফাহিমের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।