নাটোরের লালপুরে পুলিশের ওপর চড়াও হয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আসামি রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলির ঘটনায় রুবেলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে অর্ধশতাধিক লোক থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয়। পুলিশ অসম্মতি জানালে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নেয়া হয়।

নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘নারীসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়। পরে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নেয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’