নোয়াখালীতে পাইপগানসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতার সাহেদুর রহমান দিপু (৫০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মরহুম সফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব-অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামীয় একটি দোকানে শনিবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় দিপুকে আটক করে তল্লাশির একপর্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেফতার করা হয়।