ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন নিহত পাঁচজনের ও আহত ১৫ জনের নাম পরিচয় শনাক্ত করেছেন।
তিনি জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ, হামদান এক্সপ্রেস, চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহতদের নাম মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ জিল্লুর রহমান। পরে ঢাকা মেডিক্যালে মৃত্যুবরণ করে দুইজন, তারা হলেন- মাওলানা মোস্তফা কামাল, মোহাম্মদ আসিফ। পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেন একজন, তিনি হলেন- মোহাম্মদ রওশন আলী।
এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
আহতদের মধ্যে আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন, তারা হলেন- মোহাম্মদ আবুল হোসেন, মো: শরিফুল ইসলাম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, পঙ্গু হাসপাতালে আছেন মো: আব্দুল মান্নান।
আলকারিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তারা হলেন- মোহাম্মদ খোকন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হোসাইন আহমাদ, মোহাম্মদ জামাল হোসেন, মো: মমিন হোসেন, মোঃ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন।
ঘটনার দিন হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক হয়।