যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। দাখিল পরীক্ষার প্রথম দিনেই বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে হয়েছে আশিক নামের এক শিক্ষার্থীকে।
আজ বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আশিকের বাবা মাসুদুর রহমান। পরিকল্পনা ছিল ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন বাবা। কিন্তু সেই পরিকল্পনা অধরাই থেকে যায়।
কাঁদতে কাঁদতে বাবার লাশ বাড়িতে রেখে ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যায় আশিক। প্রথম দিনের কোরআন পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে বাবার জানাজায় অংশ নেয় সে।
মাসুদুর রহমান দৌলতদিহি গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে এবং আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র।
পরীক্ষা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আশিকের মন খারাপ থাকলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দিতে বলা হয়। শিক্ষকরা তার দিকে বিশেষভাবে খেয়াল রাখেন।