ফেনীতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহম্মদ।
সভায় সহকারী কমিশনার ফাহমিদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ড. রুবাইয়েত বিন করিম ও ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে কবির আহম্মদ বলেন, ‘ছাত্র শিক্ষকের কথা শুনে না। আমি শিক্ষক, ছাত্র আমাকে সম্মান করবে না, আমি সম্মানের জায়গাটা কেন হারিয়ে ফেলছি, সেটা আমাদের ভাবতে হবে। প্রধান শিক্ষকরা এখন স্কুলের কাছাকাছি থাকেন না, প্রতিষ্ঠানেও থাকেন না। তারা ফেনীতে থাকেন, আর স্কুল হয় পরশুরাম, ফুলগাজী, সোনাগাজীতে। এতে প্রতিষ্ঠান ঠিকভাবে চলে না। ম্যানেজমেন্টের দায়িত্ব প্রধান শিক্ষকের, কিন্তু তারা তা সঠিকভাবে পালন করছেন না।’
তিনি আরো বলেন, ‘আমরা সবসময় সীমাবদ্ধতার কথা বলি, বিল্ডিং নেই, ছাত্র নেই, সম্পদ নেই। কিন্তু যেটুকু আছে, সেটাকে নিয়ে পরিকল্পনা করি না। আমার যতটুকু আছে, ততটুকু দিয়েই বদলানো সম্ভব। রেজাল্ট খারাপ করবো কেন? এটা নিয়ে আমরা ভাবিনি। এটি ফেনী জেলার জন্য লজ্জার। আগামী বছরের এসএসসি ও দাখিলে সর্বোচ্চ ভালো ফলাফল করতে হবে, এটা প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে।’
ফেনীর শিক্ষা ব্যবস্থার অবস্থা ও কাঠামোগত চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজগর হোসেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কামরুন নাহার ও সুমাইয়া আফরিন।
অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ও মেডিকেলে অধ্যয়নরত ৮৩ শিক্ষার্থীকে মোট সাত লক্ষ ৪১ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা আমাদের নজরে আনতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ কাজটি করলে আমরা সহজে সমাধান করতে পারবো। সরকারি অবকাঠামো তৈরি হয়, কিন্তু ম্যানেজমেন্টের অভাবে তা নষ্ট হয়ে যায়। জানালার কাচ খোলা থাকে, ঝড়ে ভেঙে যায়। অবহেলার কারণে এসব ক্ষতি হয়। প্রধান শিক্ষকদের ভালো ম্যানেজমেন্ট করতে হবে। আমাদের কমিটেড থাকতে হবে, দেশের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি।’
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: শফী উল্লাহ, সিনিয়র সাংবাদিক আবু তাহের, ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার, শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন মোল্লা, মুন্সিরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসমাইল, খাদিজাতুল কুবরা ইসলামীয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ হানিফ, পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এবং ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী।