নোয়াখালীর সেনবাগ বাজারে ট্রাকচাপায় মুজাক্কির নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো: আকরামের ছেলে। আকরাম দম্পতি সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। মুজাক্কিরকে নিয়ে তার মা দুপুরে সেনবাগ বাজারে যান। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দিলে একটি ট্রাক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মুজাক্কির।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসেন। নিহত শিশুর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনিব্যবস্থা নেয়া হবে।