ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ১২ শিশুসহ ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৯ জুন) রাতে সীমান্তের আলাদা দু’টি এলাকায় বিএসসি তাদের পুশইন করে। পুশইনকৃত ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ৪২ ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে জানায়, দিনাজপুর জেলার বিরলের এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল ১৩ জনকে আটক করেছে। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া বিওপির টহল দল আরো সাতজনকে আটক করেছে।

এই ২০ জনকে সোমবার রাতে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এনায়েতপুর সীমান্তে আটক ১৩ জনের মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ এবং নয় শিশু রয়েছে। চান্দুরিয়া সীমান্তে আটক সাতজনের মধ্যে তিন শিশু, দু’জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

৪২ বিজিবি দিনাজপুর জেলার সীমান্তের পাশাপাশি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বড় একটি সীমান্ত এলাকা দেখভাল করে।