মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হওয়া রাজমিস্ত্রী মো: লোকমান হোসেনের (২৮) লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শহর লাগোয়া মোল্লারচর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

লোকমান হোসেন ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

জানা গেছে, রোববার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফারহান-৩ নামের মনপুরা থেকে ঢাকাগামী একটি লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে থামে। লঞ্চ ছাড়ার আগে লোকমান ঘাটের পল্টনে পায়চারি করছিলেন। লঞ্চে উঠতে গিয়ে পিছলে নদীতে পড়ে যান। তিনি তার স্ত্রী রিপা আক্তার, চাচাতো ভাই শিহাদ ও সোহেলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে যাত্রা করছিলেন। ঘাটে পৌঁছে সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

চাচাতো ভাই শিহাদ জানান, সোহেলকে নামাতে গিয়ে লোকমান পিছন থেকে সহায়তা করছিলেন। ঠিক তখনই তার পা পিছলে নদীতে পড়ে যান। দুর্ঘটনার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে সহযোগিতা চাওয়া হয়। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। গতকাল সোমবার সারাদিন কোনো সন্ধান না পেয়ে স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে যায়। অবশেষে আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: সফিকুল ইসলাম জানান, নদীপথে যাতায়াতে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে নৌ-পুলিশে হস্তান্তর করা হয়েছে।