নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে স্থানীয় উপজেলার নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মরহুম লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে।
কাজলের মা কুলসুম নেছা জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদারসহ কয়েকজন কাজলকে মারপিট করে। এ সময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে এলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক কারবারের সাথে জড়িত। এ ঘটনায় আহত কাজলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।