যশোরে জুতার মধ্যে করে দু’কোটি টাকার স্বর্ণের বার পাচার করার সময় আটক হয়েছে এক চোরাকারবারি। জুতার ভেতরে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো ছিল এই স্বর্ণ। ১২ পিস এই সোনারবার জব্দ করেছে যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। এসময় লিটন রায় নামে চোরাকারবারিকে আটক করা হয়।
সোমবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির সদস্যরা শহরতলির ঝুমঝুমপুর ব্রিজের ওপর থেকে তাকে আটক করেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছে বিজিবি।
আটক লিটন রায় ঢাকার সাভার থানার বিরুলিয়া এলাকার মধুসূদন রায়ের ছেলে। তিনি বর্তমানে ঢাকার শাঁখারীবাজার এলাকায় বসবাস করেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
জব্দ সোনার ওজন এক কেজি ৩৯৭ গ্রাম। দাম দু’কোটি তিন লাখ ৫১ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির কাছে তথ্য ছিল, সোমবার যেকোনো সময় নড়াইল থেকে এক ব্যক্তি সোনার একটি চালান নিয়ে যশোর হয়ে ভারতে পাচার করতে যাবেন। ওই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টা থেকে বিজিবির হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম যশোর শহরতলির নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়।
হাবিলদার রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে সোর্সের দেয়া তথ্যমতে ব্রিজের ওপর দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখে তারা তাকে থামতে বলেন। তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাকে আটক করে শরীর তল্লাশি করেন তারা।
একপর্যায়ে ওইব্যক্তি বিজিবি সদস্যদের কাছে স্বীকার করেন যে, তার জুতার ভেতরে স্বর্ণের বারগুলো রয়েছে।
এরপর লিটন রায়কে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন হাবিলদার মুহাম্মদ রবিউল ইসলাম।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা স্বীকার করেন।