ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে দিনব্যাপী ‘অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়নে দক্ষ জনবল ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত করতে আধুনিক দাফতরিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তিনির্ভর অফিস ও ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম এবং মানবসম্পদ ব্যবস্থাপনার আধুনিক কৌশল অবলম্বন করা এখন সময়ের দাবি। তাই সুষ্ঠু অফিস ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন ও তথ্য সংরক্ষণে সক্ষমতা অর্জনের জন্য এ ধরনের কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ।’

বিশ্ববিদ্যালয়ের পুরাতন অ্যাকাডেমিক ভবনের ৩১১ নম্বর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ডুয়েটের কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরো বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, এর কার্যকর বাস্তবায়ন নির্ভর করে দক্ষ, সময়ানুবর্তী ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনার উপর। তথ্যের সঠিক প্রবাহ, নথিপত্রের যথাযথ সংরক্ষণ, দাপ্তরিক শৃঙ্খলা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রাণপ্রিয় এই ডুয়েটকে সর্বক্ষত্রে উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যাবো।’

তিনি এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।