রাঙ্গামাটির সাপছড়িতে প্রতিপক্ষের গুলীতে পার্বত্যঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটির সাপছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল চাকমা (৩২), তিনি নানিয়ারচর উপজেলার তৈ চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

ইউপিডিএফ এক বিবৃতিতে ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহেদ উদ্দীন জানান, সাপছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর স্থানীয় ইউপি মেম্বার নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

এদিকে, সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা সংগঠক সচল চাকমা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আজ সকাল ৯টার সময় রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খামার পাড়ায় আগে থেকে ওঁৎপেতে থাকা ৬/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। এতে সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।

ইউপিডিএফ অবিলম্বে নির্মল খীসার হত্যাকারীদেরসহ হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে।