যশোরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটি)-তে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান।
অভিযানে আলী তারেক মারুফ নামের একজনকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া কামাল হোসেন ও আমিনুর কবীর নামে আরো দু’জনকে এক হাজার টাকা করে মোট দু’হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, ‘দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে দালালদের প্রভাব এবং গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগ জমা পড়ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতেই এই অভিযান পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’
ভুক্তভোগীরা বলছেন, ‘দুদকের অভিযান মূলত অফিসের ভেতরে চালানো দরকার। বাইরের দালাল উচ্ছেদের পাশাপাশি ভেতরের কালেক্টর ধরা করা না গেলে হয়রানি আর আর্থিক ক্ষতি বন্ধ হবে না।’
যশোর বিআরটিএর সহকারী পরিচালক (এডি) আবদুল ওয়াদুদ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’