ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানের জন্য কলেজের অধ্যক্ষের কাছ থেকে গতকাল বিকেলে অনুমতি নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ইফতার অনুষ্ঠানের অনুমতিও দেন কলেজের অধ্যক্ষ। কিন্তু রাতে বিএনপির আরেকটি পক্ষ একই সময়ে কলেজ চত্বরে ইফতার অনুষ্ঠান করার অনুমতি চায়। কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি। বিষয়টি নিয়ে বুধবার বিকেল থেকে বিএনপির ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দু’পক্ষ মুখোমুখি অবস্থায় সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিকেল ৫টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়। রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় তা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলের ১৪৪ ধারা রাত ১০টা পর্যন্ত থাকবে বলেও জানান তিনি।

সারমিনা সাত্তার আরো বলেন, ‘বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহ্বায়ক পক্ষে তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে গুলি করতে হয়নি।’

স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আজ সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা। ইয়াসের খান চৌধুরীকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পদবঞ্চিত একটি পক্ষ। আজ আহ্বায়ক কমিটি ইফতার আয়োজন করলে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দু’পক্ষ অবস্থান নেয় এবং দু’পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা শুরু হয়।

এদিকে বিকেল ৪টার পর দু’পক্ষের উত্তেজনার একপর্যায়ে বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ অবস্থায় পাল্টাপাল্টি ধাওয়ার মুখে ১৪৪ ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকের মাধ্যমে জানিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দু’দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, ‘ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে বিএনপির দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি। একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা গেলেও আমাদের কাছে তথ্য আসেনি। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’