রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আকবর হোসেন তিমি খাড়ইল গ্রামের লুকমান আলীর ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পেশাগতভাবে কৃষিকাজ করতেন আকবর। তিনি বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এ নিয়ে মানসিকভাবে তিনি চাপে ছিলেন এবং ভেঙে পড়েন। আর সোমবার সকালে তিনি পানবরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।