নোয়াখালীতে নিখোঁজের দু’দিন পর সেপটিক ট্যাংকের ভেতর থেকে মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) নামে ছাত্রদলের সাবেক এক নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।

মীর হোসেন ওরফে সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মরহুম মমিনুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মীর হোসেন সাদ্দাম রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড-সিমেন্ট দোকান সোলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জের রাজেন্দ্রপুর নিজ গ্রাম থেকে সাদ্দাম নিখোঁজ হন। এরপর তার পরিবার বিষয়টি মৌখিকভাবে বেগমগঞ্জ পুলিশকে অবহিত করে। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগর বাড়িতে আম কুড়াতে যায় কয়েকজন শিশু। সেখানে তারা একটি সেপটিং ট্যাংকের ভেতরে পলিথিন মোড়ানো একটি লাশ দেখে চিৎকার শুরু করে।

পরে স্থানীয়রা এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। তাদের তথ্যের ভিত্তিতে দুপুরে সদর ও বেগমগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’