জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তাসহ তিনজনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রুয়েটের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত শিক্ষক হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা শিদ্ধার্থ শংকর সাহা। এছাড়া প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো: মহিদুল ইসলাম।

এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দফতরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রকৌশলী হারুন অর রশিদকে তার চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার নামেও জুলাই ছাত্র আন্দোলনে হামলায় ইন্ধনসহ নিয়োগ ও টেন্ডারবাণিজ্যের অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা, আওয়ামী সরকারের দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তবে ৫ আগস্ট-পরবর্তী বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরখাস্তকৃত নাঈম রহমান নিবিড় ও মো: মহিদুল ইসলাম গত ৪ আগস্ট ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটক দিয়ে ঢুকে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ধাওয়া ও বোমা হামলায় সংশ্লিষ্টতা দৃশ্যমান হয়। একইসাথে বরখাস্ত শিক্ষক সিদ্ধার্থ শংকরকে জুলাইবিরোধী অবস্থান, আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল। তাকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে প্রশাসনের কাছে আবেদনপত্রও দেয়।