ঝালকাঠি প্রতিনিধি
‘বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে’ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘ফ্যাসিস্ট পালিয়ে যাবার পরে তারা চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে মেতেছে। দেশের জনসাধারণ এখন তাদের আর কাউকে চাচ্ছে না।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ইদগাহে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘এদেশের দক্ষিণাঞ্চলে অনেক ওলি আওলিয়া শুয়ে আছেন। তারা দেশে ইসলামের আবাদ করেছেন। তাদের দেশে ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে আর ইসলামী রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা হবে না, তা হতে পারে না। একারণে তাদের নিয়ে জোট ধরে রাখা আর সম্ভব হয়নি।’
জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন। বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদীসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বিগত ১৭বছরে ফ্যাসিস্ট আমলে অসংখ্য মায়ের কোল সন্তান শূন্য হয়েছে। বিদেশীদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে।’
ইসলামী আন্দোলনের হাতপাখার প্রতীককে বিজয়ী করে দেশকে ইসলামের ভিত্তিতে গঠন করার সুযোগও চান তিনি।
চরমোনাই পীর আরো বলেছেন, হাতপাখার বিজয়ের মাধ্যমে দেশ ইসলামী হবে। নির্বাচনী ইশতেহারেও তেমন উল্লেখ করেছি।
নির্বাচনী জনসভা শেষে প্রেসিডিয়াম সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদীর নেতৃত্বে এক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়।