সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস এবং চকলেট জব্দ করেছে বিজিবি।

সোমবার দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা রঙ্গারচর ইউনিয়নে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় তারা ৪ হাজার ২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪ হাজার ৯৯২ পিস কসমেটিকস সামগ্রী ও ২০ হাজার ১২০ পিস চকলেট জব্দ করে; যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো: রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।

লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় শাড়ি ও কসমেটিকসের চালান জব্দ করে; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৫ কোটি টাকা। গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, গত এক মাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার ভারতীয় পন্যসামগ্রী সীমান্ত দিয়ে অবৈধভাবে আসায় আটক করতে সক্ষম হয়েছে।