সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো: সেলিম মিয়া (৪২) ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের মরহুম শুকুর আলীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের ওসমানীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের হতদরিদ্র পরিবারের কিশোরী রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ভর্তি হন। এসময় দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারী সেলিম মিয়ার সাথে ওই কিশোরীর পরিচয় হয়।

গত বুধবার ওই কিশোরী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথিমধ্যে অভিযুক্ত শিক্ষক তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন।

ভিকটিম কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করলে ধর্ষক সেলিম কিশোরীর চাচাতো ভাইয়ের সাথে বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে চান।

কিশোরীর পরিবার বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে (মামলা নং-৬)। মামলার পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামি মো: সেলিম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী শুক্রবার বিকেলে নয়া দিগন্তকে জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ মামলার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।