বগুড়ায় এক দফা দাবি আদায়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী শহরের বনানী থেকে বেতগাড়ী এলাকায় মহাসড়কে এ অবরোধ করেন।
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমান করতে হবে।
এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশ ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা বুঝিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক ছেড়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যায়।
বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করতে হয়। তিন বছর ডিপ্লোমা করার পরেও এইচএসসি সম্মান মর্যাদা দেয়া হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করতে হবে।
তারা বলেন, ‘দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।