আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যাকারী এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় তারা ‘সে নট টু আওয়ামী লীগ, ক্যান্টনমেন্ট না রাজপথ, রাজপথ রাজপথ, সেম সেম ক্যান্টনমেন্ট, গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে। দিল্লী না রাজপথ, রাজপথ রাজপথ, দালালী না রাজপথ, রাজপথ রাজপথ বলে স্লোগান দেয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রহমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন, জাহিদ হাসান জয়, জাকের হোসেন পাশা, আশিকমিয়া প্রমুখ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শাসমুর রহমান সুমন বলেন, ‘আওয়ামী লীগের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত যে বা যারাই আওয়ামী লীগকে পুনবার্সিত করার চেষ্টা করবে। তাদেরকে ছাত্র-জনতা প্রতিহত করবে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বিশ্বে এর আর কোনো নজির নেই। তারা শিশু কিশোর, যুবক, তরুণ, ছাত্র-জনতা, কৃষক মজুরসহ দু’হাজার মানুষকে হত্যা করেছে। ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করিয়েছে। সেই আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তাদের যারা কলুষিত করার চেষ্টা করছে। তাদেরকেও আমরা প্রতিহত করবো ‘

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রহমত আলী বলেন, ‘প্রয়োজনে বাংলাদেশের চার কোটি তরুণ জীবন দিব। তবু আর জুলাই ফিরতে দিব না। ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে জনগণের ইচ্ছানুযায়ী। যারা অপতৎপরতায় লিপ্ত তাদের বিরুদ্ধে আবারো ছাত্র-জনতা মাঠে দাঁড়াবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। রক্তের দাগ এখনো শুকায়নি তাতেই আওয়ামী লীগকে ফেরাতে যারা কলকাঠি নাড়ছেন বিরুদ্ধে রাজপথে থাকব আমরা। গণহত্যাকারীদের বিচার ছাড়া বাংলার জমিনে আর কিছুই মানি না আমরা।’