‘জুলাই বিপ্লবকে সফল করতে হলে আগামী দিনে এমন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে যারা নৈতিকতায় উত্তীর্ণ এবং রাষ্ট্রক্ষমতা পরিচালনার জন্য যোগ্য,’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির এবং সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (১৯ মার্চ) সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে তার সৌজন্যে সিলেটের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকের সম্মানে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সুবিচার প্রতিষ্ঠা করতে হলে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়। জামায়াতে ইসলামী তাকওয়ার ভিত্তিতে দল পরিচালনার চেষ্টা করছে। তাই জামায়াতের নেতৃবৃন্দ যখন মন্ত্রী ছিলেন তাদের কোনো দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। আগামীতে যদি জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে একটি দুর্নীতিমুক্ত দক্ষ রাষ্ট্র উপহার দেবে। তিনি এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।’
এ নেতা আরো বলেন, ‘একসময় জাতীয় রাজনীতিতে সিলেটিরা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। তারা অনেকেই ছিলেন জাতীয় নেতা। জাতীয় পর্যায়ে নেতৃত্ব না পৌঁছালে এলাকার জন্য অনেক কিছু করার সুযোগ থাকে না। জাতীয় নেতৃত্ব যে দলেরই থাকুক তিনি এলাকার সম্পদ।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সেক্রেটারি হাফিজ নজমুল ইসলাম। এছাড়া বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান ও বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম যৌথ সঞ্চালনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, সাবেক সভাপতি কবি মুহিত চৌধুরী, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সেক্রেটারি সাকিব আহমদ মিঠু প্রমুখ।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ুন রশীদ চৌধুরী, বাংলাদেশ বেতারের সিলেট মহানগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক নিউনেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, সিনিয়র সাংবাদিক নাজমুল হক পাবেল, দেশ টিভির সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, দৈনিক সমকালের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ বাবলু, দৈনিক সংবাদের সিলেট প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক বাংলাবাজার ও সারাবাংলা ডটকমের সিলেট ব্যুরো চিফ জুলফিকার তাজুল, বাসসের জেলা সংবাদদাতা শোয়াইবুল ইসলাম, একাত্তর টিভির সিলেট ব্যুরো চিফ আবদুল মুহিত দিদার, দৈনিক জালালাবাদের যুগ্ম-বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, দৈনিক নয়া দিগন্তের বিয়ানীবাজার সংবাদদাতা তোফায়েল আহমেদ, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া সংবাদদাতা মহসিন রনি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী, ক্যাম্পাস নিউজ ডটকমের সিলেট প্রতিনিধি ডি এইচ মান্না, নয়া দিগন্তের ওসমানীনগর সংবাদদাতা মুহিব হাসানসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দেড় শ’ সাংবাদিক।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।