যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে নয় লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক খালিদ হোসেন (১৭) বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ৯২০ পিস এক হাজার টাকার জাল নোট পায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল নোটসহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দিয়ে উদ্ধার জাল টাকাসহ যুবককে শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।