বগুড়ার আদমদিঘীর সান্তাহারে আমিরুল ইসলাম (৩৬) নামে এক ট্রাক্টর চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ বাড়ির পাশের রেললাইন থেকে উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে পোঁওতা টিকরী গ্রাম সংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিরুল উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা টিকরী গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, শুক্রবার বিকেলে আমিরুল কাজের জন্য বাড়ি থেকে বের হন। পরে আর রাতে বাড়ি ফেরেননি। এদিকে শনিবার সকালে রেললাইনের পাশে পথচারীরা আমিরুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে জানায়। পরে খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, আমিরুল ট্রাক্টর চালানোর কাজ শেষে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথেই দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে ঘটনা ঢাকতে তার লাশ রেললাইনে ফেলে রেখে যায়।

সান্তাহার ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমিরুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় বুঝা যাচ্ছে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর পরিকল্পিতভাবে রেললাইনে লাশ ফেলে রাখা হয়।’

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমিরুলকে রেলওয়ে সীমানার বাইরে ছুরিকাঘাতে হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’