ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মো: রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তারা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের মরহুম হাসেম আলীর ছেলে বলে জানা গেছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান এবং খলিল গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিক মামলাও চলমান আছে। সেই বিরোধের জেরেই রফিকুল ইসলাম নিহত হন। আহত অন্য তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।